প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ AM

টালিউডে ‘ধূমকেতু’র সাফল্যের পর পূজায় আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির নতুন ছবি ‘রক্তবীজ ২’। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির ট্রেলারে দেখা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র, যেখানে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সীমা বিশ্বাস। একই সঙ্গে ভিক্টর ব্যানার্জি রূপ দিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অনুরূপ এক চরিত্রে।
ট্রেলার প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, শেখ হাসিনা ও প্রণব মুখার্জি-প্রভাবিত চরিত্র ব্যবহারের কারণে ছবিটি বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে। বিশেষ করে গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যে বৈরিতা তৈরি হয়েছে, ছবির কাহিনিতে সেই উত্তাপ প্রতিফলিত হতে পারে।
বিতর্কের জবাবে পরিচালক নন্দিতা রায় ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই ছবি বানাইনি। বরং ছবিতে বলা হয়েছে কীভাবে সন্ত্রাসবাদ শুধু অভ্যন্তরীণ পরিস্থিতি নয়, দুই দেশের বন্ধুত্ব ও সুসম্পর্কও নষ্ট করে। আমাদের উদ্দেশ্য শান্তি ও মৈত্রী ফিরিয়ে আনার বার্তা দেওয়া।”
‘রক্তবীজ ২’-এ কলকাতার পাশাপাশি বাংলাদেশের ঘটনাও উঠে আসবে। প্রেক্ষাপটে থাকবে সন্ত্রাসবাদ, রাজনৈতিক টানাপোড়েন এবং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। এর আগে প্রথম কিস্তি ‘রক্তবীজ’-এ খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছিল। নতুন ছবিতে প্রণব মুখার্জির বাংলাদেশ সফর ও তার রাজনৈতিক তাৎপর্যের ছায়াও পাওয়া যাবে।
আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। অন্যদিকে অভিনেত্রী নুসরাত জাহানকেও একটি বিশেষ গানে দেখা যাবে, যা ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ