প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেম, তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আগমন, ছয় মাস ঘর-সংসার—অবশেষে ভারতে ফেরত গেলেন এক ভারতীয় নারী।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে বুধবার বিকেলে ভারতীয় নাগরিক মোছা. খাদিজা বিবিকে (৩০) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করে বিজিবি। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে।
খাদিজা জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জয়পুরহাট শহরের আল-আমিন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল-আমিনকে স্বামী হিসেবে পেতে তিনি বাংলাদেশে চলে আসেন এবং ছয় মাস ধরে তার সঙ্গে সংসার করেন। সরকারিভাবে কাবিন না হলেও ইসলামী মত অনুযায়ী বিয়ে হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ভবিষ্যৎ অনিশ্চিত ভেবে দেশ ফিরতে চান খাদিজা।
তিনি আরও বলেন, আমার একটি ছেলে (১৪) ও একটি মেয়ে (৭) রয়েছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে সংসারিক জীবনে ঝগড়াঝাঁটির কারণে সে আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে। তাই আমি ভিন্ন পথে সুখ খুঁজতে চেয়েছিলাম।
খাদিজা জানান, দেশে ফেরার জন্য বড় ভাইয়ের মাধ্যমে এক যুবকের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার আল-আমিন বাইরে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে পৌঁছালে বিজিবি তাকে আটক করে।
পরে পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ পিলার এলাকায় বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে খাদিজাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় কয়া ক্যাম্প বিজিবি কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক এবং ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর