প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ১০:১৮ PM

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। রাস্তা, গার্ডার ব্রিজ, সাইক্লোন শেল্টার, ড্রেনসহ অন্তত ২৫ থেকে ৩০টি প্রকল্পের কাজ শুরু হলেও ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদাররা কার্যত নিরুদ্দেশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন প্রকল্পের অধীনে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়া হলেও অধিকাংশ প্রতিষ্ঠান কাজের অর্ধেক শেষ করে বা কোনো কোনোটি শুরু না করেই কাজ ফেলে রেখেছে। কোথাও খোঁড়াখুঁড়ি করে ইট-বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে, আবার কোথাও ব্রিজের পাইলিং শেষ করে বাকি কাজ বন্ধ রাখা হয়েছে। এতে সড়ক ও সেতুগুলো জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, অধিকাংশ প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ উত্তোলন করেই উধাও হয়ে গেছে ঠিকাদাররা। ফলে কাজগুলো পুনরায় শুরু হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর ফলে সড়ক ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়েছে, ব্রিজগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষসহ কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে।
কাউখালীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ব্রিজের এমন দুরবস্থার কারণে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। একদিকে উন্নয়নকাজের টাকা খরচ হলেও কাজ অসমাপ্ত থাকায় মানুষ কোনো সুবিধা পাচ্ছে না, বরং ভোগান্তিই বেড়েছে বহুগুণে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ হোসাইন রাসেল জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় চিঠিপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বিষয়টি মনিটরিং করছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর