প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম

ফাইল ছবি
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার চার্জশিট বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী গ্রহণ করেন। এসময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন— মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ আরও অনেকে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড়ে বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের নেতা এবং কুমিল্লা বারের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার তদন্ত শেষে পুলিশ বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “আদালত চার্জশিট গ্রহণ করেছেন। সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সূচনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
স্বদেশ প্রতিদিন/শাহো