প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি
আগামী ২১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
এই সফরে তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, এবারে প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।
দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি সফর করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশন শেষে ২ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।