প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম

চাঁদপুরের পৌরশহরে মাত্র ৫০০ টাকার বিনিময়ে নবজাতক শিশুকে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যান ফারুক হোসেন গাজী (৪৫)। তাকে ক্লিনিকের একজন নার্স বলেছিলেন শিশুটি মৃত। তাই কোথাও ফেলে দিতে। কিন্তু তিনি শিশুটিকে ফেলে না দিয়ে কবরস্থানে নিয়ে যান। সেখানে ৩০০ টাকা নিজের কাছে রেখে বাকি ২০০ টাকা কবরস্থানের লোকজনকে দেন। যেন মাটি চাপা দিয়ে রাখা হয়।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে দাফনের আগে আজান দিতে গিয়ে এক ব্যক্তি কার্টুন থেকে শিশুর কান্না শুনতে পান। পরে আশপাশের লোকজন জড়ো হন।
স্থানীয় সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের সহায়তায় শিশুটিকে দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৮ ঘণ্টা পর নবজাতকটির মৃত্যু হয় এবং রাতেই দাফন সম্পন্ন করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ফারুক হোসেন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনা স্বীকার করেন এবং জানান, ক্লিনিকের এক নার্স তাকে দাফনের জন্য শিশুটিকে দেন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ঘটনার পরপরই গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুই দিনের মধ্যেই শিশুর জন্মস্থান, সংশ্লিষ্ট ব্যক্তি এবং ক্লিনিক শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত নার্স এবং শিশুর স্বজনদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম