বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুঘল ঐতিহ্যের নান্দনিক স্থাপত্য নিদর্শন শরীফপুর শাহী জামে মসজিদ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে অবস্থিত ‘শরীফপুর শাহী জামে মসজিদ’ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। প্রায় ৩২০ বছর আগে নির্মিত এই মসজিদ মুঘল স্থাপত্যশৈলীর অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে।

জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে অবস্থিত এই মসজিদ তিন জেলার সীমানা ঘেঁষা অঞ্চলে: উত্তরে চাঁদপুরের শাহরাস্তি, দক্ষিণে নোয়াখালীর চাটখিল। মসজিদটির পাশে অবস্থিত সুবিশাল ‘নাটেশ্বর রাজার দিঘি’ এবং এর পাড়ে থাকা ধর্মগুরু হজরত সৈয়দ শাহ শরিফ বাগদাদির মাজার এ স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় অনুভবের মিশ্রণে তৈরি এ মসজিদ প্রাঙ্গণে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭০৬-১৭০৭ সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়। আয়তাকার এই মসজিদের বাইরের দৈর্ঘ্য ১৪.৪৮ মিটার এবং প্রস্থ ৫.৯৪ মিটার। মসজিদের উপর রয়েছে তিনটি গম্বুজ, যার মধ্যে কেন্দ্রীয়টি তুলনামূলক বড় এবং এর ভেতরে পাতার নকশা, বাইরের অংশে চক্রাকার নকশা করা হয়েছে।

মসজিদের পূর্ব দিকে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ এবং পশ্চিম পাশে তিনটি মেহরাব। চার কোণে চারটি অষ্টভুজ মিনার এবং কেন্দ্রীয় প্রবেশপথের উপরে আরও দুটি মিনার রয়েছে।

মসজিদের সামনের দেয়ালে ফারসি ভাষায় লেখা শিলালিপিতে প্রতিষ্ঠাতা হায়াতে আবদুল করিমের নাম পাওয়া যায়। তাঁর পরিচয় নিয়ে ভিন্ন মত প্রচলিত কেউ বলেন, তিনি নাটেশ্বর রাজার কর্মকর্তা ছিলেন, আবার কেউ মনে করেন তিনি পাশের মাজারের ধর্মগুরুর একজন মুরিদ ছিলেন।

স্থানীয় মুসল্লি আবাদ মিয়া বলেন, “মসজিদে সবসময় মানুষের ভিড় থাকে। নামাজের পাশাপাশি দর্শনার্থীরা মাজার ও দিঘিও দেখতে আসেন।”

আরেক মুসল্লি রফিকুল ইসলাম জানান, “মসজিদের পাশের দিঘির শান্ত পরিবেশে নামাজ পড়লে এক ধরনের মানসিক প্রশান্তি পাওয়া যায়।”

এলাকাবাসীর ভাষ্যমতে, শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকেও মানুষ এখানে নামাজ আদায় ও মসজিদ দেখতে আসেন। অনেক ভক্ত বিশ্বাস করেন, দিঘিতে গোসল করলে মনের আশা পূরণ হয়। মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাদরাসাও, যেখানে স্থানীয় শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করে।

মসজিদের ইমাম মাওলানা মো. সামছুদ্দোহা বলেন, “প্রতিদিনই দর্শনার্থী আসেন, বিশেষ করে শুক্রবার অনেক দূর থেকেও মানুষ নামাজ পড়তে আসেন। আমরা চেষ্টা করি মসজিদের সৌন্দর্য বজায় রাখতে।”

মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোতাহার হোসেন চৌধুরী বলেন, “মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে। তারা ছয় বছর আগে একটি সংস্কার কাজ করলেও বর্তমানে কিছু জরুরি সংস্কার দরকার। কিন্তু অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে আমরা স্বেচ্ছায় কিছু করতে পারছি না।”

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা মো. আবু সাইদ ইনাম তানভিরুল জানান, “মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত। শিগগিরই আমরা প্রকৌশলীদের নিয়ে পরিদর্শনে যাব। প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য বরাদ্দ চাওয়া হবে।”

ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, “শরীফপুর শাহী জামে মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি ইসলামি ইতিহাসের সোনালী অধ্যায়ের প্রতীক। কুমিল্লার ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনার তালিকায় এটি অন্যতম। আমাদের প্রত্যাশা, মসজিদটি সারা দেশে পরিচিতি লাভ করবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মুঘল   ঐতিহ্য   মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close