প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ AM

সংগৃহীত ছবি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টনের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।
মশাল মিছিলে অংশ নিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করেন, সরকার নুরকে বিদেশে চিকিৎসার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নেয়নি। হামলাকারীরা এখনও ধরা পড়েনি বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সতর্ক করেন, পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, নুরুল হক নুর শুধু একজন নেতা নন, বরং জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক ও ইতিহাসের প্রতীক। তার ওপর হামলার বিচার না হওয়া মানে অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি। তিনি মনে করিয়ে দেন, অতীতে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল ও আদিলুর রহমানের বিরুদ্ধে দমনপীড়নের সময় নুর ও তার সংগঠন রাজপথে ছিল। অথচ আজ নুর নিজেই হামলার শিকার হয়েও বিচার পাচ্ছেন না।
মিছিলে শেষে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা। যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আবু হানিফ, শাকিল উজ্জামান, মাহবুবুর রহমান, সবুজ সেরনিয়াবাত, হোসাইন নুর, হিরণ শেখ, অ্যাডভোকেট নাজিম উদ্দীন ও আব্দুর রহমান প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো