প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার দুই আসামি ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলার জামিরদিয়া ধানিখোলা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এ দুই নেতা তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
২০২৫ সালের ২১ মার্চ তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায়, পরে যুবদল নেতা শরিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং ভালুকার জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে