প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০ AM

সংগৃহীত ছবি
নড়াইল-যশোর মহাসড়কে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর।
পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ ভেঙে বাঁশ ঢুকে পড়ে ভেতরে। এতে ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য গুরুতর আহত হন।
পুলিশ আরো জানায়, তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন, নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।