প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৫:২৩ PM

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্নির্ধারণ গেজেট অনুযায়ী, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। ৪ সেপ্টেম্বর প্রকাশিত এ গেজেটের পর থেকেই এলাকাবাসী তীব্র আন্দোলনে নামে।
গত কয়েক দিনে ভাঙ্গায় দুই দফায় মোট চারদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। তাদের আন্দোলনে ভাঙ্গার অন্যান্য ইউনিয়নের জনগণসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনও সমর্থন জানায়। আন্দোলনের সামনের সারিতে ছিলেন চেয়ারম্যান সিদ্দিক মিয়া।
শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল-সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশ তাকে আটক করে।
ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ