যেখানে ছাত্রশিবিরকে পাখির মতো গুলি করতো, সেখানে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি: আরিফ উল্লাহ
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩০ AM

ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বড় জয়লাভ করেছে।
তবে ভিপি পদে পরাজিত হয়েছেন আরিফ উল্লাহ। এ পদে তিনি ২ হাজার ৩৯২ ভোট পেয়েছেন। আর বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩২ ভোট।
শনিবার বিকেলে ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনে তিনি উপস্থিত থেকে বিজয়ী প্রার্থী আব্দুর রশিদ জিতুকে অভিনন্দন জানিয়েছেন।
আরিফ উল্লাহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের স্মরণ করেন সংবাদ সম্মেলনে। এসময় তিনি নির্বাচিত নেতাদের সঙ্গে কাজ করা ইচ্ছাও ব্যক্ত করেন।
তিনি বলেন, যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন সবাই আমার ভাই ও বোন। আমি তাদের শুভেচ্ছা জানাই। নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের দায়িত্ব পালনে সব সময় সহযোগিতা করব।
এসময় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে ছাত্রশিবিরের নাম শুনলেই পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়। অথচ এখানে আসা অতিথি পাখি মারলেই তাদের বিচার হয়। সেই জায়গায় আমরা জাকসু নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি।
আজ ছাত্রশিবিরের প্যানেল থেকে ২০ জন নির্বাচিত হয়েছেন এবং অন্য আরো ৫ জন নির্বাচিত হয়েছেন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
তারা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো