প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৮:৫৬ PM

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই দফায় এ সংঘর্ষ হয়।
সন্ধ্যায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল খেলা হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় অনেকেই গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উত্তেজিত দর্শকরা গ্যালারি থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, আসনসংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে দর্শকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। খেলা শুরুর আগেই অনেকে গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়েন এবং পরে স্টেডিয়ামের ভেতর-বাইরে ভাঙচুর চালানো হয়।
কক্সবাজার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন বলেন, কিছু উচ্ছৃঙ্খল দর্শক স্টেডিয়ামে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর