প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৮:৪৬ PM

সংগৃহীত ছবি
রাজধানীর শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আশিকুর রহমান রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে ডিউটিরত অবস্থায় টাকার বান্ডেল পড়ে থাকতে দেখেন এসআই আশিক। পরে পথচারীদের উপস্থিতিতে তিনি টাকা উদ্ধার করে গণনা করেন। দেখা যায়, সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা রয়েছে।
বিষয়টি তিনি ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের জানানোর পাশাপাশি জব্দ তালিকা তৈরি করে টাকাগুলো জিম্মায় নেন এবং মালিকের জন্য অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি জানান, ব্যাংক থেকে তোলা অর্থ কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে হারিয়ে গেছে।
পরে জিজ্ঞাসাবাদে টাকার পরিমাণ ও বান্ডেলের বিবরণ মিলিয়ে যাচাই-বাছাই শেষে হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএমের উপস্থিতিতে প্রাপ্তিস্বীকারপত্রে স্বাক্ষর নিয়ে টাকার মালিকের হাতে অর্থ ফেরত দেন এসআই আশিক।
এসআই আশিকের সততা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ মানুষ।
স্বদেশ প্রতিদিন/শাহো