প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ AM

সংগৃহীত ছবি
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাঁচ বিচারপতির মধ্যে চারজন এ রায় দেন, যদিও একজন বিচারপতি তাকে খালাস দেওয়ার পক্ষে মত দেন। খবর রয়টার্স।
২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ মোট পাঁচটি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হন বলসোনারো।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার পাশাপাশি সাবেক মন্ত্রী, সামরিক প্রধানসহ আরও সাতজনকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে গৃহবন্দি অবস্থায় থাকা সাবেক সেনা ক্যাপ্টেন বলসোনারো দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমনপীড়নের শিকার।
তার ছেলে ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সরকার যে প্রক্রিয়াকে বিচার বলছে, তার ফলাফল সবার আগেই জানা ছিল।
রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বলসোনারোর দণ্ডপ্রাপ্তির ঘটনায় তিনি “বিস্মিত ও অত্যন্ত অসন্তুষ্ট।”
তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্টকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। এর জের ধরে ট্রাম্প ব্রাজিলের কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।