প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ AM

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলার বিচার চলতে আর কোনো বাঁধা নেই।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন আবেদন খারিজ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোমেন খান।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করা হয়। তবে শুনানি শেষে সেটি খারিজ হয়ে যাওয়ায় মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
মামলার প্রেক্ষাপটে দেখা যায়, ২০২২ সালের ৬ জুলাই নাছির উদ্দিন মাহমুদ ঢাকার সাভারের বোট ক্লাবের ঘটনায় পরীমনিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ১৮ মার্চ তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়।
এর আগে ২০২২ সালের ১৮ এপ্রিল আদালত পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন। পরবর্তী সময়ে জামিন ও গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া শেষে পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
তদন্তে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ