প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ AM

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পল্লী বিদ্যুতের কর্মীদের কাছে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে কার্যক্রম ব্যাহত করলে সরকার তা মানবে না এবং সরকারের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে। দ্রুত কাজে যোগ না দিলে সরকার সেই পথে হাঁটবে।
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করা হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদন আছে। মন্ত্রণালয় তা নিশ্চিতভাবে মনে করে না, তবে যারা ফিরে আসবেন না, তাদের কাজকে এভাবেই ধরা হবে।”
উপদেষ্টা সকল কর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, বিদ্যুৎ অত্যাবশ্যকীয় সেবা, তাই সকলকে তা নিশ্চিত করতে হবে। পূর্বে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল, যেটিতে অনেকে ফিরে এসেছেন, আবার অনেকে বাধা সৃষ্টি করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখার জন্য সাবেক সচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা কাজের বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৩টি জিডি করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও জানান, গণছুটির পরও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা দেয়নি। পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবিও পূরণ করা হয়েছে, তবে আইন ও বিধি পরিবর্তনের মাধ্যমে আরও কাজ চলমান। সরকার সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ