প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৪:৪২ PM

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসজিদের এক ইমাম ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মহিলা কলেজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হেসাখাল পদুয়ারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম নয়ন (ছদ্মনাম), এবং মৌকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও খিলা বাজারের মজুমদার জুয়েলার্সের স্বত্বাধিকারী আহসান হাবিব মজুমদার।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট বাজারের দিক থেকে পশ্চিমমুখী হাফেজ নয়নের মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা আহসান হাবিবের মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে স্বজনরা আহসান হাবিব মজুমদারকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে এবং হাফেজ আরিফুল ইসলাম নয়নকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান।
এই দুর্ঘটনায় আহসান হাবিবের মোটরসাইকেলে থাকা তার ছেলে আব্দুল্লাহ এবং দোকান কর্মচারী শাখাওয়াত হোসেনও আহত হন।
নিহত হাফেজ আরিফুল ইসলাম নয়ন উপজেলার পেরিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আহম্মেদের বড় ছেলে। তিনি হিফজ ও আলিম পাস করে বর্তমানে নাঙ্গলকোট কামিল মাদরাসায় ফাজিল শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অপর নিহত আহসান হাবিব মজুমদার কেশতলা গ্রামের নুরুল ইসলাম মজুমদারের ছেলে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “ঘটনার বিষয়ে অবগত আছি, তবে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে