প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩০ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ২:৩২ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমদ হল এবং ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ভোটগ্রহণ বন্ধ করেন। এ সময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রভোস্টদের সঙ্গে শিক্ষার্থীদের তীব্র কথাকাটাকাটি হতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এ ছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেওয়া হচ্ছে না। তাই তারা ভোট বন্ধ রেখেছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো- নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।
ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো- আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।
স্বদেশ প্রতিদিন/এমএম