প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ AM

দেশজুড়ে চলমান প্রচণ্ড গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংগঠন বিডব্লিউওটি (বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম)।
পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে একটি শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘ঈশান ২’।
বিডব্লিউওটি জানিয়েছে, এই বৃষ্টিবলয়টি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। তবে এটি যখন বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে, তখন দেশের অন্যান্য অংশেও তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, ফলে কমবে ভ্যাপসা গরম।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরেও রয়েছে মাঝারি অবস্থানে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিবলয় মূলত মৌসুমি বায়ুরই একটি ধাক্কা বা অংশ, যা নির্দিষ্ট সময়জুড়ে দেশের কোনো একটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটায়। ঈশান ২ এর প্রভাবে আগামী সপ্তাহে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম