প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১০ AM

গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির আশায় কিরগিজস্তানে পাড়ি জমিয়েছিলেন ১৮০ জন বাংলাদেশি নাগরিক। কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ। সেখানে গিয়ে তারা কাজ না পেয়ে চরম প্রতারণার শিকার হন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই মানুষদের বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ‘বিদেশে বেশি বেতনের কাজের লোভ দেখিয়ে এই মানুষগুলোকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। অথচ সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, ফলে নথিপত্রহীন হয়ে পড়েন।’
তিনি আরও জানান, কিরগিজস্তানে থাকা অবস্থায় বেশ কয়েকজন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মুক্তিপণ দিয়ে তাদের দেশে ফেরাতে হয়েছে।
ব্র্যাক জানিয়েছে, বিমানবন্দরে বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে গত আট বছর ধরে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৫ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু ২০২৪ সালেই ৪০ জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে যাওয়ার আগে ভালোভাবে যাচাই না করে চাকরির প্রলোভনে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই না কাজ পান, না সম্মানজনক জীবনযাপন করতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এমএম