প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ পিএম

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদরের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “শিক্ষিত প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। বাইসাইকেল শুধু একটি বাহন নয়, এটি শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে। তবে শুধু বাইসাইকেল পেলেই হবে না, শিক্ষার্থীদের নিজেদের অধ্যবসায় বাড়াতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত জামিল সৈকত। আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক।
শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর