প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই, নন্দীগ্রাম, নিকড়দিঘী হয়ে আওলাই ইউনিয়নের ধাপেরহাট পাগলাবাজার থেকে দরগাবাজার পর্যন্ত ৮.৪৫০ কিমি রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের কাজ শেষ না করেই পালিয়ে গেছে ঠিকাদার।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার প্রশস্তকরণের জন্য ৮ কিলোমিটার অংশে মাটি কেটে গর্ত করা হলেও তা ভরাট করা হয়নি। এর ফলে বৃষ্টিতে খানা-খন্দ, কাদা ও শুকনো সময়ে ধুলোতে পথচারী ও যান চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ভ্যান ও মোটরসাইকেল চলাচলে বিপদ দেখা দিচ্ছে।
রাস্তার কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (আরসিআইপি এএফ-২) আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে করা হচ্ছে। ৮.৪৫০ কিমি রাস্তার কাজের জন্য সরকারি ও বার্ষিক উন্নয়ন প্রকল্পে প্রায় ১১ কোটি টাকার টেন্ডার পায় নওগাঁ জেলার জুয়েল ইলেকট্রনিক ও মোজাফফর বিপণী বিতান নামের ঠিকাদার প্রতিষ্ঠান।
কাজ শুরু হয় ২০২৪ সালের ৭ এপ্রিল। তবে অল্পদিন পর ঠিকাদারের লোকজন মালামাল নিয়ে রাতের আঁধারে চলে যায়। বর্তমানে রাস্তার দুই পাশে খোঁড়া গর্ত এবং আংশিক ভরাট অংশ থাকায় যান চলাচল সীমিত। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো সময় পুরো রাস্তা চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়তে পারে।
ভ্যান চালক আজিজার রহমান বলেন, “দুধারে খাল থাকায় রাস্তা দিয়ে যানবাহন চালানো কঠিন, মোটরসাইকেল বা সাইকেল গর্তে পড়ে যেতে পারে।” নন্দীগ্রাম বাজারের ব্যবসায়ী আবু রায়হান বলেন, “ঠিকাদার পালিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন, ধান ও চাল পরিবহনও সমস্যার মুখে।”
ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন জানান, বর্ষার কারণে কাজ বন্ধ ছিল। বর্ষা শেষে কাজ পুনরায় শুরু হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ