প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশেই কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর মামলার আসামি। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে। একই মামলায় অভি মণ্ডল রঞ্জু (২৯) নামের আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে।
এদিকে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন থেকে চার হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ