প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কে অবরোধ করেছে স্থানীয় জনতা। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া, সুয়াদি ও মনসুরাবাদ এলাকায় গাছ, বাস, টায়ার ও ইট ফেলে মহাসড়ক অবরোধ শুরু করেন স্থানীয়রা। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, ফরিদপুর-৪ আসনের সীমা পরিবর্তনের পরিবর্তে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ পর্যন্ত কয়েকটি পয়েন্টে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সবকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নতুন করে ৩০০টি সংসদীয় আসনের সীমা নির্ধারণ করে তালিকা প্রকাশ করে। তাতে ফরিদপুর-৪ আসনের অংশ হিসেবে থাকা আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম