প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ AM

ফ্রান্সের জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু।
সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে পার্লামেন্টের অধিকাংশ সদস্য তাঁর বিরুদ্ধে রায় দেওয়ায় পদচ্যুত হচ্ছেন এই centrist রাজনীতিক। একইসঙ্গে পদত্যাগ করতে হচ্ছে তাঁর নেতৃত্বাধীন সরকারকেও।
আস্থা ভোটে প্রধানমন্ত্রীকে অপসারণের পক্ষে ভোট দেন ৩৬৪ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট দেন ১৯৪ জন। ২৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
উল্লেখযোগ্যভাবে, এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। তাঁর সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সংসদের সমর্থন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেন তিনি। কিন্তু প্রত্যাশার বিপরীতে, তিনি পার্লামেন্টের সমর্থন আদায় করতে ব্যর্থ হন।
ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, “সরকারকে অপসারণের ক্ষমতা আপনাদের আছে, তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। খরচ বাড়তেই থাকবে এবং আগেই অসহনীয় হয়ে ওঠা ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।”
দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে পদত্যাগ করতে হচ্ছে তাঁকে। এই পরাজয় ফ্রান্সের রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরেরও কম সময়ের ব্যবধানে তাঁকে এখন পঞ্চমবারের মতো নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন দিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, বাইরুর বিদায়ের ফলে মাখোঁর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আরও জটিল হয়ে পড়বে, বিশেষ করে অর্থনৈতিক সংস্কার ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে।
সূত্র: রয়টার্স
স্বদেশ প্রতিদিন/কেআইকে