প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম

টানা কয়েকদিনের তীব্র গরমে সারাদেশে মানুষ হাঁসফাঁস করছে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা পৌঁছেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে। শুক্রবারের দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে আগামী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার আশা করা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ