প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৭:৩৩ PM

সংগৃহীত ছবি
নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
সভায় আরো অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা। এসময়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতের দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। একইসঙ্গে, নির্বাচনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উপদেষ্টা মাহফুজ আলম জানান, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। সেই আস্থা পুনরুদ্ধারে নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না, সরকার সেই চিন্তা প্রতিষ্ঠা করবে। গণমাধ্যমও যেন এ চিন্তার বাস্তবায়নে ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, তবে গণমাধ্যম যেন তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে প্রকাশ করে।