প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ১:৪৭ PM

ফাইল ছবি
বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি।
রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর শোক প্রকাশ করে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের রাজনীতির এক খোলা ইতিহাস। তিনি দেশের গণমানুষের মুক্তি ও আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।
নেতৃবৃন্দ আরো বলেন, এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, লেখক ও গবেষক হিসেবে বদরুদ্দীন উমর বাংলাদেশের ইতিহাস নির্মোহ ভাবে তুলে ধরেছেন যা আমাদের সামনে একটি ঐতিহাসিক দলিল আকারে রয়েছে। বিশেষ করে ২০২৪ এর ৭ জুলাই তাঁর সম্পাদিত সংস্কৃতি পত্রিকায় তিনি লিখেছিলেন, "আওয়ামী লীগকে মেরে তাড়াতে হবে" যা ২৪ এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময়, তাঁর পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
উল্লেখ্য রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৪ বছর।
স্বদেশ প্রতিদিন/শাহো