প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ AM

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে বাংলাদেশের আকাশ থেকেও সহজেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। শনিবার (৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, চন্দ্রগ্রহণটি শুরু হবে রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে পরদিন ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া এ গ্রহণ বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে আংশিক বা পূর্ণরূপে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।
চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার বদলে লালচে রঙ ধারণ করে, যাকে বলা হয় ‘Blood Moon’। এই লাল রঙ আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে ঘটে এবং বিজ্ঞানীদের মতে, এটি পৃথিবীর বায়ুর মান পর্যবেক্ষণের একটি দারুণ সুযোগও বটে।
চন্দ্রগ্রহণের মতো মহাজাগতিক দৃশ্য সবসময় দেখা যায় না। তাই আজকের রাতটি হতে পারে আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। টেলিস্কোপ বা ক্যামেরা ছাড়াও খালি চোখেই এটি উপভোগ করা সম্ভব।
স্বদেশ প্রতিদিন/এমএম