প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম

ফাইল ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসর রাতে এক নববধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের দৌলতপুর ময়নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকা দৌলতপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৩) এর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের। বাসর ঘরে প্রবেশের পর হঠাৎ নববধূ পূর্ব পরিকল্পিতভাবে নতুন ব্লেড দিয়ে স্বামী নজরুলের গোপনাঙ্গ কেটে দেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে নজরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা নববধূ মোর্শেদাকে ঘরে আটকে রাখেন।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশা আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মেয়ে পক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়ভাবে আপসের চেষ্টা চলছে বলেও জানা গেছে। তবে অনেকে ধারণা করছেন, নববধূ মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর