প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গুজাগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত নৌ-ডাকাত নয়ন-পিয়াসসহ একাধিক আসামি পাশের দেশে পালিয়ে গেছে। তিনি জানান, তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই নৌ-ডাকাতদের তৎপরতা ছিল। আমি নিজেও মুন্সীগঞ্জের বাসিন্দা হিসেবে তাদের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে এই ক্যাম্প স্থাপন করা হলেও, ইতোমধ্যেই স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকরা মুন্সীগঞ্জের আলু চাষিদের দুরবস্থার বিষয়টি তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ইতোমধ্যে আলুর মূল্য নির্ধারণ করেছে। বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
উল্লেখ্য, গুয়াগাছিয়া এলাকায় নদী পথে ডাকাতি, অবৈধ বালু উত্তোলণ প্রতিরোধ এবং নৌ-ডাকাতদের দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গত ২২ আগস্ট গজারিয়ার জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্প চালুর মাত্র তিন দিন পর, ২৫ আগস্ট নয়ন-পিয়াস বাহিনীর সদস্যরা শতাধিক রাউন্ড গুলি এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় নয়নের বড়ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বদেশ প্রতিদিন/কেআইকে