আইসিইউ’তে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু, অতঃপর...
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৮:২৩ PM

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের ঘটেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরে নবজাতকদের নিরাপত্তার দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার ওই হাসপাতালে এই ঘটনা ঘটে।
শিশু দুইটির ওজন ছিল -একজনের মাত্র ১ কেজি, অন্যটির ১.৬ কেজি। মৃত্যুর ঘটনায় হাসপাতালে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে প্রশ্নে উঠেছে।
এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থায় অবহেলার কথা স্বীকার করে বলেছেন, ‘শিশু বিভাগে দুই শিশুকে ইঁদুর কামড় দিয়েছে। একজনের অবস্থা ইতিমধ্যে গুরুতর ছিল, হাসপাতালের নিরাপত্তার অভাব।’ তিনি জানান, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তারা এই ঘটনা তদন্ত করছে।’
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ‘হাসপাতাল কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইঁদুরের উৎপাত উপেক্ষা করে আসছে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, মৃত্যুর জন্য দায়ী শিশুদের জন্মগত রোগ ও সংক্রমণ। ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র।’ কিন্তু জনসাধারণের কাছে এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি।
চিকিৎসকদের দাবি, দুই শিশুর জন্ম থেকেই শারীরিক অসুস্থতা ছিল, তার কারণেই মৃত্যু হয়েছে। হিমোগ্লোবিন কম এবং অঙ্গ-প্রত্যঙ্গ অপরিপক্ব ছিল। শিশুটি অক্সিজেন এবং ভেন্টিলেটর সহায়তায় ছিল। মেডিকেল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইঁদুর কামড় তার স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে।
হাসপাতালের কর্মীরা জানিয়েছে, ঘটনার চার-পাঁচ দিন আগে থেকেই ওয়ার্ডে ইঁদুর দেখা গিয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি।
সূত্র : ইন্ডিয়া টুডে
স্বদেশ প্রতিদিন/এমএম