প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৮:১৬ PM

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ‘শেখ ফজিলাতুননেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ -এর নাম পরিবর্তন করে ‘শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হলেও তা এখনও কার্যকর হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার ৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দের স্মারকের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ) তারিখে প্রজ্ঞাপন প্রকাশ করে।
তবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন নাম হালনাগাদ না হওয়ায় শিক্ষার্থীরা সনদপত্র সংগ্রহে সমস্যায় পড়ছেন। ভর্তি কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে গিয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিভাবক ও শিক্ষকরা জানান, প্রজ্ঞাপন কার্যকর না হওয়ায় শিক্ষার্থীদের হয়রানি পোহাতে হচ্ছে। দ্রুত নতুন নাম ওয়েবসাইটে হালনাগাদ করার দাবি জানান তারা।
এ বিষয়ে শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘কার্যক্রমটি চলমান রয়েছে। খুব শিগগিরই সমাধান হবে। তবে বিদ্যালয়ের নাম দুই দফা পরিবর্তনের কারণে বিষয়টি কিছুটা জটিল হয়েছে। গেজেট প্রকাশিত হলেও তা বিভিন্ন দপ্তরে পৌঁছাতে সময় লাগছে। উপজেলা পর্যায়ের কাজ শেষ হয়েছে, এখন এটি বোর্ডের হাতে।’
স্বদেশ প্রতিদিন/এমএম