প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ AM

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানির শুল্ক কমিয়ে ২৭.৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর ফলে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানি মোটর কোম্পানিগুলোর অনিশ্চয়তা দূর হলো।
জুলাই মাসে ঘোষিত চুক্তির আনুষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যার মধ্যে যানবাহন ও ওষুধ অন্তর্ভুক্ত। হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এছাড়া তারা আমেরিকান বাজারে গাড়ি, চালসহ অন্যান্য পণ্য বিক্রিরও প্রতিশ্রুতি দিয়েছে।
এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আলোচনার ফলেই চুক্তিটি সম্ভব হয়েছে।
জাপানের অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল; দেশের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ আসে গাড়ি থেকে। আগস্টে ট্রাম্পের আগের শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বব্যাপী বাজারে তোলপাড় সৃষ্টি হয়েছিল। টয়োটা জানায়, শুল্কের কারণে তারা এই বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারত।