| শিরোনাম: |

২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
রোববার এনবিআর এক বিশেষ আদেশে সময় বাড়ানোর ঘোষণা দেয়। একই সঙ্গে জানানো হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যায় অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে করদাতারা ১৫ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন।
এ বছর শারীরিকভাবে অক্ষম, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতা বাধ্যতামূলকতার বাইরে থাকলেও চাইলে ই–রিটার্ন দাখিল করতে পারেন।
বিদেশে থাকা করদাতাদের জন্যও অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা আরও সহজ করা হয়েছে। ই–মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠালে তাদের কাছে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে তারা সহজেই ই–রিটার্ন নিবন্ধন ও দাখিল করতে পারছেন।
করদাতারা কোনো দলিল আপলোড ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যুক্ত করে ঘরে বসেই মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারেন। রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে acknowledgement slip এবং আয়কর সনদ প্রিন্ট করার সুবিধাও রয়েছে—ফলে ই–রিটার্ন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
ই–রিটার্ন প্রক্রিয়া সহজ করতে এ বছর করদাতা, তাদের প্রতিনিধিসহ আইনজীবী ও হিসাববিদদের প্রশিক্ষণ দিয়েছে এনবিআর। পাশাপাশি যেকোনো সমস্যায় সহায়তার জন্য ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে কল সেন্টার এবং সারাদেশে ই–রিটার্ন হেল্পডেস্ক চালু রয়েছে।
এনবিআর জানিয়েছে, ইতোমধ্যে ১৮ লাখের বেশি করদাতা এ বছর অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে ই–রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ