প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

সংগৃহীত ছবি
পানি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সুস্থ থাকার জন্য প্রতিদিন যথেষ্ট পানি খাওয়া অত্যন্ত জরুরি। তবে কম পানি খেলে কিডনিতে পাথর হয়, এই ধারণা কি সত্যি? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকো থেকে গবেষকরা একাধিক গবেষণা বিশ্লেষণ করে জানাচ্ছেন, পানি কেবল কিডনিতে পাথর প্রতিরোধের জন্যই নয়, ওজন নিয়ন্ত্রণ, মাথাব্যথা কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মূত্রনালির সংক্রমণ এবং নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষকরা মোট ১৮টি গবেষণা বিশ্লেষণ করেছেন। তাদের মতে, প্রতিদিন অন্তত আট কাপ পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। তবে ছয় কাপ পানিও কিছুটা উপকার দেয়।
এছাড়া, খাবারের আগে পানি খাওয়া ও নিয়মিত পর্যাপ্ত পানি পান করা ওজন কমাতে সাহায্য করে। মাথাব্যথায় ভোগা প্রাপ্তবয়স্করা যদি তিন মাস ধরে পর্যাপ্ত পানি পান করেন, তাদের মাথাব্যথা অনেকটাই কমে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, প্রতিদিন চার কাপ বেশি পানি পান করলে মাত্র আট সপ্তাহের মধ্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে। মূত্রনালির সংক্রমণে আক্রান্তদের জন্যও পানি উপকারী; প্রতিদিন অতিরিক্ত ছয় কাপ পানি পান করলে দীর্ঘমেয়াদে সংক্রমণের ঝুঁকি কমে। নিম্ন রক্তচাপে ভোগা তরুণদের জন্যও পানি সহায়তা করে।
তবে গবেষকরা সতর্ক করেছেন, পানি খাওয়ার ক্ষেত্রে সবার জন্য নির্দিষ্ট নিয়ম নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রধান বেনজামিন ব্রেয়ার বলেছেন, যারা কিডনিতে পাথর বা মূত্রনালির সংক্রমণের ইতিহাস আছে, তাদের জন্য পানিশূন্যতা ভয়াবহ ক্ষতি করতে পারে। আবার কেউ যার মূত্রত্যাগ ঘনঘন হয়, তিনি কম পানি খেলে উপকারও পেতে পারেন। তাই কার কতটুকু পানি খাওয়া উচিত, তা নির্ভর করবে ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস