প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ AM

বগুড়ার গাবতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক সমাবেশ। এতে উপজেলা ও পৌর এলাকার প্রায় ৫ থেকে ৭ হাজার নেতাকর্মী রঙিন সাজে বিভিন্ন ব্যানারে যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা।
হেনা তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। ভোটচুরির মাধ্যমে তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। তিনি আরও বলেন, দেশে নির্বাচন ঘিরে কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে এবং সাধারণ মানুষকে পিআর পদ্ধতি সম্পর্কে জানানো হয় না, কিছু রাজনৈতিক দল নির্বাচনের প্রক্রিয়ায় প্রহসন চালাচ্ছে যা রুখে দেবে জনগণ।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ এবং সভাপতি মোরশেদ মিল্টন তাদের বক্তব্যে বিগত ভোটবিহীন ফ্যাসিস্ট সরকারের সময় গাবতলীবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন। তারা বলেন, গাবতলী হলো শহীদ জিয়াউর রহমানের পূন্যভূমি, এবং এখান থেকে জয়ী হয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।
নেতৃবৃন্দ জানান, গাবতলীর যেসব উন্নয়ন হয়েছে, তা তিনিই সাধিত করেছেন। তারা আশা প্রকাশ করেন, আবারও সুদিন আসছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরেরূপে দেশে ফিরবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর।
সমাবেশ শেষে বিদ্যালয় মাঠ থেকে র্যালী শুরু হয়, যা গাবতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতা ও কর্মীরা নানা স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে, উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ