রাজধানীর পল্টন মোড়ে তিন দফা দাবিতে অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এ কর্মসূচি এখনো চলমান রয়েছে।
অবরোধ চলাকালে নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেন।
তিন দফা দাবি হলো
১. গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার
২. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
৩. জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে তারা জানান, নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাচেষ্টা। হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায় এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
ঘণ্টাখানেক ধরে পল্টন মোড় অবরোধের পর মাগরিবের গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আগেই সড়ক ছাড়েন। এরপর ধীরে ধীরে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন জানিয়েছেন, সড়ক বন্ধ করে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পল্টন মোড়ের চারপাশে থাকা রাস্তার কারণে বাধা দীর্ঘস্থায়ী হয়নি।
এই ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর রাত সাড়ে ৯টায় মশাল মিছিল শেষে বিজয়নগর এলাকায় দলের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা চালায়। এতে আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।