প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ AM

দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটিই প্রথম বড়সড় অভিযান।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছি। এতে বিপুল পরিমাণ মাদক ছিল। বলা যায়, এমন নৌকা আরও অনেক আসছে। এসব ভেনেজুয়েলা থেকে এসেছে।’
পরে তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, একটি দ্রুতগতির নৌকা বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাচ্ছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল।
উল্লেখ্য, ট্রাম্প এর আগেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করে আসছেন, যদিও এখন পর্যন্ত সেসব অভিযোগের নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
সূত্র : রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম