প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ AM আপডেট: ০২.০৯.২০২৫ ৬:০৪ এএম

সংগৃহীত ছবি
রাজধানীর আদাবরে কিশোর গ্যাং চক্রের হামলায় আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে পুলিশ অভিযান চালায়। এ সময় এলাকার কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “সোমবার রাতে ৯৯৯ নম্বরে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে যায়। গাড়ির চালক আল আমিন গাড়ির কাছেই ছিলেন। এ সময় এক পক্ষের লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তার হাতে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”