প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম

বেলা সোয়া ৪টার দিকে মিছিল বের করে শিক্ষার্থীরা
হাইকোর্টের রায়ে ডাকসু স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনগুলোও বিক্ষোভ বের করে। তবে সে বিক্ষোভে দেখা যায়নি শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টায় ডাকসু স্থগিতের ঘোষণা আসে। মুহূর্তের মধ্যে এ খবর পুরো ক্যাম্পাসে চাউর হয়ে যায়। পরবর্তীতে, বেলা সোয়া ৪টার দিকে মিছিল বের করে শিক্ষার্থীরা।
এদিকে হাইকোর্টে রিট করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বামপন্থিরা। এটিকে ডাকসু বানচালের সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। মূলত, বামেরা নির্বাচনে হারার ভয়েই নির্বাচন বানচাল করতে চাচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ বিষয়ে মুজাহিদ নামে এক নেটিজেন বলেন, “ওদের কি শরম লজ্জা বলতে কিছু নাই? নিজেরা রিট করে, আবার নিজেরাই মিছিল বের করে প্রতিবাদ জানায়।”
রাকিব উদ্দিন নামে আরেকজন বলেন, “তারা যখন শুনছে চেম্বার জর্জ আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছে ঠিক তখনই তারা সাধু সেজে ডাকসুর পক্ষে মিছিল শুরু করছে।”
হারুন রশীদ নামের এক নেটিজেন বলেন, “কি আজব ব্যাপার! বামরা রিট করে স্থগিত করে, আবার রিট স্থগিত হওয়ার পর মিছিল করে। আচ্ছা, ঢাবির ছাত্র-ছাত্রীদের কি এরা বোকা মনে করে? কারা রিট করে স্থগিত করেছে এটা কি ছাত্রছাত্রীরা জানে না?”