প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৭:৩১ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, 'গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ হলো স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু আজকে ক্ষমতাসীন দল দেশে নির্বাচন চায় না।'
সোমবার (১ সেপ্টেম্বর) নীলফামারীতে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিটিআই মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
ইঞ্জিনিয়ার তুহিন আরও অভিযোগ করেন, 'যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাই, তখন সরকারের কিছু অংশ বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাই পিআর পদ্ধতির মতো নানা ফর্মুলা প্রস্তাব করছে, যা সংবিধানত অনুপযুক্ত।'
তিনি দাবি করেন, 'দেশের ৮০ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়—এ কথা বলা হচ্ছে। অথচ দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারি সুবিধা ভোগ করছে।'
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষের দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ