প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:৪৩ পিএম

আশুলিয়ার কুখ্যাত চাঁদাবাজ হাতকাটা টিপু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার পল্লিবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে হাত কাটা টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।
যৌথ বাহিনী জানায়, রবিবার বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বেশিকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।
যৌথ বাহিনী সূত্রে আরও জানা যায়, হাতকাটা টিপু দীর্ঘদিন ধরে বাইপাইল-ডেন্ডাবর এলাকায় চাঁদাবাজি করে আসছিল। তার নেতৃত্বে গড়ে ওঠা চক্র স্থানীয় দোকানপাট, পরিবহণ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীদের মারধর করা হয়। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান স্বদেশ প্রতিদিনকে জানান, এখনো থানায় আসেনি, তবে থানায় আসতেছে। চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
স্বদেশ প্রতিদিন/কেআইকে