প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:১৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা রামদা দিয়ে কুপিয়ে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে ফেলে দেয়। একই সময়ে আরেকজন শিক্ষার্থীকে ধানক্ষেতে কোপাতে দেখা গেছে।
বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল এবং আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে তখনও কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রাজিউর রহমান রাজু (২০২২-২৩ সেশনের শিক্ষার্থী) শনাক্ত হয়েছেন। অন্য দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তাঁরা চবির শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীদের দফায় দফায় মারধর করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রের সহায়তা চাইছি, কিন্তু কেউ আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে না। এসব হামলা সাধারণ মানুষের কাজ নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ