প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৫৩ AM

যশোর সদর উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে মধ্যরাতে এক নারীর ঘরে ঢুকে তাকে বেঁধে শ্বাসরোধ ও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে ধারণা করছে পরিবার।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার শাহানাজ (৩৭) একই এলাকার রোস্তম মোল্লার মেয়ে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শাহানাজের বসতঘরে হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত প্রবেশ করে। প্রথমে তারা তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে, মুখে পাইপ ঢুকিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এরপর লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে। শাহানাজ চিৎকার করে উঠলে ঘরের অন্য সদস্যরা জেগে উঠে এগিয়ে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা আহত শাহানাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম