প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:৩২ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ১১:৩৭ এএম

সংগৃহীত ছবি
পঞ্চগড় জেলার সদর উপজেলায় ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)
আহতরা হলেন উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)
স্থানীয়রা জানান, ইজিবাইকে চড়ে ভুক্তভোগীরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে অভার পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে আহত হন ৫ জন।
আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়। বাকি আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সুজাত ইসলাম বলেন, “ডিবি পুলিশের একটি মাইক্রোবাস ট্রাককে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি ইজিবাইকটিকে ধাক্কা দিয়েছে। এসময় মাইক্রোবাসও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। পরে দেখা যায় এটি ডিবি পুলিশের গাড়ি।”
স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, “আর একটু হলে আমাদের বাড়িতেই ঢুকে যেত ডিবি পুলিশের গাড়ি। মূলত ডিবি পুলিশের গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ বলেন, “দুর্ঘটনার শিকার ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে।”
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”