প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২:১৩ AM আপডেট: ২৯.০৮.২০২৫ ১২:২৬ এএম

বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধারসহ বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা কামাল হাওলাদার (৫৫) গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার মালগাজি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে কামাল হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মালগাজি এলাকার নিজ বাড়ি থেকে পুলিশে ব্যবহৃত একটি চায়না তৈরী ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় লুট হওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের হাতে থাকা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ