প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:১১ পিএম

কক্সবাজারে বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে মানববন্ধন
পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব পানি সপ্তাহ উদযাপন হয়েছে। ওয়ার্ল্ড ওয়াটার উইক উপলক্ষে Participatory Research & Action Network (PRAAN) এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় “Water Move Campaign 2025” এর অংশ হিসেবে সৈকতের সুগন্ধা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উক্ত কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির প্রাপ্যতা ক্রমশ হুমকির মুখে পড়ছে। পানি দূষণ, লবণাক্ততা, আকস্মিক বন্যা ও দূষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।
বক্তারা সকল নাগরিকের জন্য ন্যায্য পানি প্রাপ্তি নিশ্চিত করতে পানি উৎস সংরক্ষণ, ভূ-উপরিস্থ পানির টেকসই ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরো বলেন, জীবন ও জলবায়ু রক্ষায় পানিকে বাঁচানো জরুরি। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও উদ্যোগী হতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “Water for Climate Action” শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে পর্যটক ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউথ স্টুডেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশের উপদেষ্টা ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজারের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সহ-সভাপতি নেজাম উদ্দিন, অ্যাকশনএইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (ইউথ) শুভেন্দু বিশ্বাস, আদিবাসী ফোরাম কক্সবাজার সহ-সভাপতি মা টিং টিং, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মনথেহ্ল্যা রাখাইন, স্টুডেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ সম্পাদক রিসি মনি, নবনিতা যুব মহিলা ক্লাব সভাপতি ফাতেমা আক্তার তানিয়া, হেল্প ইউ ক্লাবের ইব্রাহিম বাবু ও গ্রীন ভয়েস কক্সবাজার জেলা সভাপতি শহিদুল ইসলাম সাহেদ প্রমুখ।