প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:৩৫ AM

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া একটি সরকারি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় কামাল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। আটক কামালের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় পূর্ব থেকেই মামলা ছিল।
পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের থানা লুটকৃত অস্ত্রের অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক কামাল হাওলাদার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত কামাল ও উদ্ধার হওয়া অস্ত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সাথে আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ